দৈনিক খুলনা
The news is by your side.

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেশবপুরে প্রস্তুতি সভা

36

কেশবপুর :

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও গণমানুষের অংশগ্রহণের মাধ্যমে উদযাপনের লক্ষ্যে কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ৫ আগস্ট দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সোমবার (২৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা অংশ নেন। উপস্থিতদের মতামতের ভিত্তিতে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, অধিকার প্রতিষ্ঠা ও জনগণের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এর ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে হবে। তিনি বলেন, দিবসটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; গণমানুষের অংশগ্রহণের মাধ্যমে এর চেতনাকে ধারণ করাই মূল লক্ষ্য। কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুর রাজ্জাক বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকারের সংগ্রামের প্রতীক। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দলমত নির্বিশেষে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমীর প্রভাষক মো. জাকির হোসেন এবং এনসিপির আহ্বায়ক সম্রাট হোসেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ আগস্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে প্রস্তুতিমূলক সভার সমাপ্তি ঘোষণা করা হয়।