দৈনিক খুলনা
The news is by your side.

ঘরে বসেই মিলছে ভূমি সেবা, কমছে হয়রানি: ইউএনও

72

**কেশবপুর (যশোর) প্রতিনিধি:** যশোরের কেশবপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে সেমিনার ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং কেশবপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠানে বৃহস্পতিবার সকালে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রেকসোনা খাতুন বলেন, *“ভূমি সেবা এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। বর্তমান সরকার ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করছে। বর্তমানে মানুষ ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নামজারি, খাজনা প্রদান, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং খতিয়ান সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন।”*

তিনি বলেন, ডিজিটাল ভূমি সেবা কার্যক্রম ভূমি অফিসে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ভূমি সংক্রান্ত সঠিক তথ্য জানলে সাধারণ মানুষ হয়রানি ও প্রতারণা থেকে রক্ষা পাবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভূমি বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে আইন ও নাগরিক সেবা সম্পর্কে জানাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, *“ই-নামজারি, অনলাইন খাজনা প্রদান, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ এবং স্মার্ট ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সেবা এখন আগের চেয়ে অনেক বেশি আধুনিক ও সহজ হয়েছে।”*

তিনি ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে সরাসরি উপজেলা ভূমি অফিসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফিরোজ হোসেন খান এবং কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব।

অনুষ্ঠান শেষে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও রেকসোনা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট মো. হাদীউজ্জামান।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুধীজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।