দৈনিক খুলনা
The news is by your side.

গোপালগঞ্জে পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু

6

গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবোঝাই পিকআপের চাপায় অটোভ্যানে থাকা বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গ্যাড়াখোলা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার (৬)।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে গোপালগঞ্জগামী মাছবোঝাই একটি পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দিয়ে চলে যায়। এতে অটোভ্যানে থাকা সাইফুল ইসলাম রঞ্জু ও তার মেয়ে সামিরা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত বাবা-মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।