দৈনিক খুলনা
The news is by your side.

খোলপেটুয়া নদীতে জেলের জালে ১৫ কেজির বিশাল কোরাল, ঘাটে জনতার ভিড়

19

সাতক্ষীরা :
সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীতে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ১৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল (ভেটকি) মাছ। সোমবার (১৫ জুন) সকালে উপজেলার কাপষন্ডা সংলগ্ন নদী এলাকায় মাছটি ধরা পড়ে।

জানা যায়, কাপষন্ডা গ্রামের পেশাদার মৎস্যজীবী রবিউল ইসলাম গাজী প্রতিদিনের মতো ভোরে নদীতে জাল পাতেন। সকালে জাল তোলার সময় অস্বাভাবিক ভার অনুভব করলে তিনি অন্য জেলেদের সহযোগিতা নেন। পরে জাল টেনে নৌকায় তুলতেই দেখা যায়, একটি বিশাল কোরাল মাছ ধরা পড়েছে। তীরে এনে ওজন করলে মাছটির ওজন প্রায় ১৫ কেজি পাওয়া যায়।

জেলে রবিউল ইসলাম বলেন, “প্রতিদিন মাছ ধরি, তবে এত বড় কোরাল খুব কমই ধরা পড়ে। এর আগে ৮ ও ১২ কেজির কোরাল পেয়েছিলাম, কিন্তু এটি আমার জীবনের অন্যতম বড় শিকার।”

বিরল এ মাছের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মৎস্যঘাটে উৎসুক মানুষের ভিড় জমে যায়। অনেকে মাছটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

স্থানীয় প্রবীণ জেলেরা জানান, একসময় খোলপেটুয়া নদীতে নিয়মিত বড় আকারের কোরাল মাছ পাওয়া গেলেও নদীর নাব্যতা সংকট, জলবায়ু পরিবর্তন এবং অবাধে কারেন্ট জাল ব্যবহারের কারণে এখন এমন মাছ খুব কম দেখা যায়। দীর্ঘদিন পর এত বড় কোরাল ধরা পড়ায় স্থানীয় জেলেদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।