খুলনা :
শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় পর্যায়ে রাখার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদ।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম কুমার মণ্ডল। সমাবেশ পরিচালনা করেন জেলা সংসদের সাধারণ সম্পাদক তনুশ্রী তনু।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে শিক্ষার্থী, শ্রমজীবী ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের মৌলিক অধিকার নিশ্চিত করতে শিক্ষা উপকরণের মূল্য কমানোর পাশাপাশি বাজারে কার্যকর মনিটরিংয়ের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, বাজারে অসাধু মুনাফাখোর ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় প্রয়োজনীয় নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পিকচার প্যালেস মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদের কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা শিক্ষা উপকরণ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো, বাজারে সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশ থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদের নেতারা শিক্ষার্থী ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।