দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে আনসার ও ভিডিপির উপমহাপরিচালক

নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা

24

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ আশরাফুল আলম, বিএএমএস, বিভিএমএস।

পরিদর্শনকালে তিনি খুলনা শিববাড়ি কালী পূজামন্দির, রায়ের মহল সার্বজনীন হরি পূজা মন্দির এবং রায়ের মহল সার্বজনীন পূজা মন্দিরের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পূজামণ্ডপে দায়িত্ব পালনরত আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

উপমহাপরিচালক মোঃ আশরাফুল আলম বলেন, “শারদীয় দুর্গোৎসব সবার জন্য আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বজায় রেখে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা জেলা কমান্ড্যান্ট মোঃ মিনহাজ আরেফিন, বাগেরহাট জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলাম এবং খুলনা রেঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল আজম চৌধুরী।

উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা বিভাগের বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিষ্ঠা, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।