দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় আস্থা লাইফ ইন্স্যুরেন্সের রিজিওনাল কনফারেন্স অনুষ্ঠিত

28

খুলনা :

বাংলাদেশ সেনাবাহিনীর ‘আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ‘রিজিওনাল কনফারেন্স-০৩/২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) খুলনা নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব.)।

অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এইচআর অ্যান্ড অ্যাডমিন) কর্নেল সালাহউদ্দীন খালেদ (অব.), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) সামিয়া ইয়াসমিন, হেড অব ইন্টিগ্রেটেড বিজনেস সাদেদ আহমেদ তাশফিলসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বৃহত্তর খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সেলস এক্সিকিউটিভ, ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা অংশ নেন।

দিনব্যাপী সম্মেলনে পারস্পরিক মতবিনিময়, ব্যবসায়িক পরিকল্পনা, বীমা বিপণনের বিভিন্ন চ্যালেঞ্জ ও তা উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গ্রুপ বীমার মৌলিক বিষয় পর্যালোচনা এবং বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সম্মেলনের শেষ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম বলেন, জীবন বীমা খাতে উল্লেখযোগ্য অবদান রাখার পাশাপাশি মানুষের আস্থার সংকট দূর করার লক্ষ্যেই আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছে। শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কোম্পানির প্রতিনিধিরা নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে বীমাসেবা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আস্থা লাইফের কর্মকর্তাদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ২০২৬ সালে ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে প্রিমিয়াম সংগ্রহ, ফিল্ড ফোর্স নিয়োগ, সময়মতো দাবি নিষ্পত্তি এবং বীমাসেবার আওতা সম্প্রসারণের বিষয়ে দিকনির্দেশনা দেন।

প্রধান অতিথি বলেন, “আমাদের লক্ষ্য কেবল ব্যবসা নয়; সেবামুখী মানসিকতাই আমাদের মূল ব্রত।” এ আদর্শকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা জীবন বীমার মাধ্যমে মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি গ্রাহকসেবা উন্নয়ন, সময়মতো বীমা দাবি নিষ্পত্তি এবং প্রত্যন্ত অঞ্চলে বীমাসেবার পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা, মতবিনিময় ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী আস্থা লাইফ ইন্স্যুরেন্সের রিজিওনাল কনফারেন্সের সমাপ্তি হয়।