দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় আঠারোবেকি নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

37

রূপসা :

খুলনার রূপসা উপজেলার আঠারোবেকি নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আইচগাতি ইউনিয়নের চর মোছাব্বরপুর গ্রামের জেলখানা ঘাট এলাকার সিংহের চর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে ভাটার কারণে নদীর পানি কমে গেলে একই স্থানে আরও একটি মরদেহ দেখতে পান তারা। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মেহেদী হাসান সোহাগ (৩৫)। তিনি রূপসার রাজাপুর এলাকার আব্দুল্লাহর ছেলে। পেশায় তিনি জেলখানা ঘাটের মাঝি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অপর যুবকের নাম রেজাউল করিম (৩০)। তবে তার বাবার নাম ও বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সোহাগ বি কোম্পানির সদস্য ছিলেন। তবে দুই যুবকের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ জানতে পরবর্তী আইনগত ও তদন্ত কার্যক্রমের বিস্তারিত পুলিশের পক্ষ থেকে জানানো হলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।