দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা হাফিজনগরে উদ্বোধন হলো দৃষ্টিনন্দন “সিরাজুল হক জামে মসজিদ”

12

খুলনা প্রতিনিধি : হাফিজনগর এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দৃষ্টিনন্দন দ্বিতল বিশিষ্ট “সিরাজুল হক জামে মসজিদ”। শুক্রবার (২২ মে ২০২৬) জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদটির উদ্বোধন সম্পন্ন হয়।

জানা গেছে, মরহুম আলহাজ সিরাজুল হক সাহেবের স্বপ্ন বাস্তবায়নে তাঁর সুযোগ্য পুত্র মোহাম্মদ শামীম পারভেজ ও তাঁর পরিবার সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে মসজিদটি নির্মাণ করেন। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদটিতে নারী ও পুরুষদের নামাজ আদায়ের জন্য পৃথক সুব্যবস্থা রাখা হয়েছে।

উদ্বোধনী জুমার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মুফতি হাবিবুল্লাহ, ইমাম, মদিনা মসজিদ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর উপস্থিতিতে পুরো এলাকা ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে।

এলাকাবাসী এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মরহুম সিরাজুল হক সাহেবের রূহের মাগফিরাত কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন এ মসজিদ ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও ইসলামী মূল্যবোধ চর্চার কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও বিশেষ টিমের সদস্যরা। মসজিদ পরিচালনা কমিটি তাদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মসজিদের মুতাওয়াল্লী মোহাম্মদ শামীম পারভেজ বলেন, “এটি আল্লাহর ঘর, সবার জন্য উন্মুক্ত। আমরা সকলের দোয়া কামনা করছি, যেন আল্লাহ এই কাজকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন।”