দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের সংক্রমণ অব্যাহত, ২৪ ঘণ্টায় ২ মৃত্যু

25

খুলনা বিভাগে নতুন করে ডেঙ্গু ও হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ দুই রোগে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঝিনাইদহে সন্দেহজনক হামে একজন এবং যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে নতুন করে ২৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২০৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৩২ জন চিকিৎসাধীন রয়েছেন।

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি খুলনায় ৮৮ জন এবং বাগেরহাটে ৪৪ জন। একই সময়ে যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ৭ হাজার ৪১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৩৪৭ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মোট ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৮ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে ২ জন এবং বাগেরহাট ও যশোরে একজন করে মারা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন করে ৭৯ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। তবে একই সময়ে ৯৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৭ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ১০ হাজার ৭৬০ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩৬৯ জনের হাম নিশ্চিত হয়েছে।

এ পর্যন্ত বিভাগে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনা জেলায় ২০ জন এবং কুষ্টিয়ায় ১৩ জনের। এছাড়া ঝিনাইদহে ৩ জন এবং চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।