নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের তিন দশক পূর্তি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে তিন দশকের পথচলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবনের সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে কেক কেটে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের তিন দশক পূর্তি উদযাপন করা হয়।
পরে বেলা ১২টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ডিসিপ্লিনের শিক্ষক ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. মো. গোলাম হোসেন।
আলোচনা সভায় এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক, অ্যালামনাই ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য দেন। বক্তারা ডিসিপ্লিনের তিন দশকের শিক্ষা, গবেষণা ও একাডেমিক অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যতে এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে, বিকেলে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে তিন দিনব্যাপী ‘সাংস্কৃতিক সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।