দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের জনসভা : উন্নয়ন, সুশাসন ও নৈতিক রাজনীতির অঙ্গীকারে ভোট চাইলেন অধ্যাপক মোক্তার আলী

13

কেশবপুর (যশোর) প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৬ (কেশবপুর) আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ মোক্তার আলীর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকেলে কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ চত্বরের জনসভা জামায়াতে ইসলামীর আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়। ২নং সাগরদাঁড়ি ইউনিয়নের আমির অধ্যাপক রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্যের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ মোক্তার আলী।

জনসভায় বক্তব্যের শুরুতে অধ্যাপক মোক্তার আলী উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই জনসভায় উপস্থিত হয়ে আমাদের প্রতি যে ভালোবাসা ও আস্থা দেখিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্বের প্রত্যাশা করছে। রাজনীতিকে জনগণের কল্যাণের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে হলে সবার আগে প্রয়োজন সততা, জবাবদিহিতা ও আল্লাহভীরু নেতৃত্ব।

অধ্যাপক মোক্তার আলী তাঁর বক্তব্যে বলেন,কেশবপুরবাসীর শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে আমি আজীবন কাজ করতে চাই। এই এলাকার তরুণ সমাজকে দক্ষ ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে হলে রাষ্ট্রীয় পর্যায়ে সঠিক পরিকল্পনা ও বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠাই ১১ দলীয় ঐক্যের প্রধান লক্ষ্য। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক মোক্তার আলী বলেন,আগামী নির্বাচনে কেশবপুরবাসী ঐক্যবদ্ধ হলে অবশ্যই আমরা একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করতে পারব। আমি সবাইকে আহ্বান জানাইদাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়, ইনসাফ ও জনকল্যাণের পক্ষে অবস্থান নিন।

তিনি আরও বলেন, কেশবপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষ আজও অনেক ক্ষেত্রে বঞ্চিত। শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন, স্বাস্থ্যকেন্দ্র আধুনিকীকরণ, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই তাঁর অগ্রাধিকার হবে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কর্মপরিষদের সদস্য মাওলানা মোঃ আব্দুস সামাদ। তিনি বলেন, আগামী নির্বাচনে ১১ দলীয় ঐক্য দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে এবং কেশবপুরের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর পৌর জামায়াতের আমীর প্রভাষক জাকির হোসেন, এনসিপি কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোঃ সম্রাট হোসেন, পেশাজীবী বিভাগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান,
উপজেলা কর্মপরিষদের সদস্য আলফাজুর রহমান, জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সমাজকল্যাণ ও প্রচার সম্পাদক কৃষিবিদ প্রভাষক তাজামুল ইসলাম এবং কেশবপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল খালেক।
বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের আশা ও আস্থার জায়গা হয়ে উঠেছে ১১ দলীয় ঐক্য। তারা সবাইকে সংগঠিত হয়ে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।
জনসভায় সাগরদাঁড়ি ইউনিয়ন ও কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
শেষ পর্যায়ে অধ্যাপক মোক্তার আলী আবারও উপস্থিত জনতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, কেশবপুরের মানুষের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব।