দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে বাংলা নববর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, বর্ণিল আয়োজনের আশ্বাস ইউএনও রেকসোনা খাতুনের

54

কেশবপুর (যশোর) প্রতিনিধি:বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখকে ঘিরে কেশবপুরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা পহেলা বৈশাখ উদযাপনকে আরও বর্ণিল, নিরাপদ ও সুশৃঙ্খল করতে নানা প্রস্তাবনা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এ উৎসবকে ঘিরে সকলের অংশগ্রহণে একটি আনন্দঘন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারে।

তিনি আরও বলেন, বৈশাখের ঐতিহ্য ধরে রাখতে সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা এবং গ্রামীণ মেলার আয়োজন করা হবে। সকল শ্রেণি-পেশার মানুষকে এতে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে।

সভা শেষে আসন্ন পহেলা বৈশাখ উদযাপনকে সফল করতে বিভিন্ন দপ্তরকে নির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অলোকেশ কুমার সরকার, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনজু মনোয়ারা, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবি সংগঠনের সভাপতি এ্যাডভোকেট ওয়াজিয়ার রহমান, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।