দৈনিক খুলনা
The news is by your side.

কেকেবিএইউ’র উদ্যোগে বৃক্ষরোপণ

23

খুলনা :

পরিবেশের ভারসাম্য রক্ষা ও ক্যাম্পাসকে সবুজ-নান্দনিক করে তুলতে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএইউ) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গল্লামারীস্থ নতুন ক্যাম্পাসের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষ্ণচূড়া ফুলের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. এস এম খলিলুর রহমান।

এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নির্মাণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ ও নান্দনিক করে তুলতে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ব্যাপকভাবে বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

কর্মসূচিতে ড. এস এম খলিলুর রহমানের সহধর্মিণী একটি চালতা গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি কেকেবিএইউর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. এস এম খলিলুর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান।

উপাচার্য (ডেজিগনেট) জানান, শিগগিরই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পরে তিনি একটি সোনালু গাছের চারা রোপণ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।