দৈনিক খুলনা
The news is by your side.

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

9

কক্সবাজারে একদিনের সরকারি সফরে প্রায় ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার কক্সবাজার সফরে গিয়ে বিমানবন্দর থেকে নিজেই স্টিয়ারিং হাতে নেন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন, ডুলাহাজারা সাফারি পার্ক, মালুমঘাট, পেকুয়া, মাতামুহুরী, চকরিয়া এবং মেরিন ড্রাইভসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিমানবন্দরে অবতরণের পর থেকে রাত পর্যন্ত পুরো সফরজুড়ে নিজেই গাড়ি চালান প্রধানমন্ত্রী। সফর শেষে রাত সোয়া ১২টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে কক্সবাজার বিমানবন্দরে ফিরে আসেন।

প্রধানমন্ত্রীর গাড়িতে সামনের আসনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং পেছনের আসনে ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হাসিনা আহমদ।

সফরকালে সড়কের দুই পাশে হাজারো মানুষ প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ভিড় করেন। প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানের পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সময়ে তিনি গাড়ি চালালেও এত দীর্ঘ পথ নিজে ড্রাইভ করার ঘটনা এবারই প্রথম বলে জানা গেছে।