দৈনিক খুলনা
The news is by your side.

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ

59

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তিনি দলটিতে মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এনসিপির সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য যে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছেন। কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম নামে এনসিপির এক কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের পক্ষে গত বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি অনেকটা গোপন ছিল। জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী গত শনিবার সমকালকে বিষয়টি নিশ্চিত করেন।

মনোনয়নপত্র কেনার বিষয়টি নিশ্চিত করেন এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক। তিনি বলেন, ‘আসিফ মাহমুদ আমাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী আসিফ মাহমুদ মুরাদনগর থেকেই নির্বাচন করবেন।’

মনোনয়নপত্রে রেজিস্ট্রারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এবং স্থায়ী ঠিকানা হিসেবে মুরাদনগর উপজেলার আকবপুর উল্লেখ আছে।

আসিফ মাহমুদ গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন। এরই মধ্যে ওই আসনে তিনি ভোটার হয়েছেন।