দৈনিক খুলনা
The news is by your side.

ইসরায়েলে আঘাত হানলো ইরানি ক্ষেপণাস্ত্র

251

ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার জেরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের গণমাধ্যম হারেৎজ দেশটির জরুরি সংস্থাগুলোর বরাত দিয়ে জানিয়েছে, সাম্প্রতিক পাল্টা হামলায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের কেন্দ্রীয় কয়েকটি ভবনে সরাসরি আঘাত করেছে।

ইসরায়েলের চ্যানেল টুয়েলভ জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলে বিভিন্ন আবাসিক এলাকায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গণমাধ্যমটি আরও জানায়, একটি ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি তেল আবিবে গিয়ে পড়েছে।

এর আগে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আইরন ডোম’ সক্রিয় হয়ে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংসের চেষ্টা করে। তবে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জাল এড়িয়ে আঘাত হানতে সক্ষম হয়। এর ফলে তেল আবিব এবং আশপাশের এলাকায় আংশিক ধ্বংসাত্মক ক্ষয়ক্ষতি হয় এবং কয়েকজন আহত হন।

পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ইসরায়েলি সামরিক বাহিনী সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। বাহিনীটি জানিয়েছে, নিরাপদ স্থান ত্যাগ করা যাবে শুধুমাত্র কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশনার পর।

এছাড়া, ইসরায়েলি বাহিনী জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় এলাত ও আরাভা এলাকায় সন্দেহজনক ড্রোন ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার প্রথমে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে বিমান হামলা চালায়। এরপর ইরান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। বর্তমানে দুই পক্ষই পাল্টাপাল্টি হামলায় লিপ্ত রয়েছে।