দৈনিক খুলনা
The news is by your side.

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হয়নি, ৬ জুনের মধ্যে ভোট শেষ করতে চায় ইসি

5

ঢাকা :

আগামী নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরুর যে প্রাথমিক পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন (ইসি), তা এখনো চূড়ান্ত হয়নি। নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা থাকায় ভোটের সময়সূচি নিয়ে নতুন করে হিসাব-নিকাশ করছে কমিশন। তবে আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউপি নির্বাচন সম্পন্ন করার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেওয়া পক্ষগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সানাউল্লাহ।

তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বরজুড়ে বিভিন্ন পরীক্ষা থাকায় নির্বাচনের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছে না। জানুয়ারিতে কিছুটা সময় পাওয়া গেলেও এরপর রমজান এবং বিভিন্ন বোর্ড পরীক্ষা রয়েছে। ফলে সবকিছু সমন্বয় করে ভোটের সময় নির্ধারণ করতে আরও কাজ করতে হবে।

ইসি সানাউল্লাহ বলেন, “আগে তো আমাকে স্লটটা পেতে হবে নির্বাচন করার জন্য।” তিনি জানান, আজকের বৈঠক থেকে পাওয়া তথ্য-উপাত্ত কমিশনে পর্যালোচনা করা হবে। এরপর ভোটের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে পরীক্ষাগুলো যাতে ব্যাহত না হয়, সেটি বিশেষভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে। শিক্ষকদের ভোটগ্রহণের দায়িত্ব পালনের আগে প্রশিক্ষণ, সমন্বয় ও অন্যান্য প্রস্তুতির প্রয়োজন হয়। একই সঙ্গে তাঁদের শিক্ষা কার্যক্রম ও পরীক্ষার মূল্যায়নের কাজও চালিয়ে যেতে হবে।

ইসি সানাউল্লাহ বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সংশ্লিষ্ট পক্ষগুলো বিভিন্ন বিষয়ে মতামত ও অনুরোধ জানিয়েছে। এসব বিষয়কে যৌক্তিক উদ্বেগ হিসেবে বিবেচনা করে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি বাজেট পরিকল্পনা ও অন্যান্য সমন্বয়ের কাজও দ্রুত সম্পন্ন করা হবে।

এর আগে গত সোমবার (১৪ সেপ্টেম্বর) ইসি সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের একটি প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিল। সেই পরিকল্পনায় প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপ ২৭ মে করার কথা বলা হয়েছিল। তবে ইসি তখনই জানিয়েছিল, এগুলো চূড়ান্ত নয় এবং ১৭ সেপ্টেম্বরের আন্তঃমন্ত্রণালয় সভার পর সময়সূচি চূড়ান্ত করা হবে।

বৃহস্পতিবারের বৈঠকের পর ইসি সানাউল্লাহ স্পষ্ট করেন, ওই সময়সূচি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তিনি বলেন, আজ পাওয়া নতুন তথ্যের ভিত্তিতে কমিশন পরবর্তী বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে। নভেম্বরেই ভোট শুরু হবে কি না, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

তিনি আরও বলেন, যত বেশি ধাপে নির্বাচন আয়োজন করা যায়, তত বেশি সময়ের নমনীয়তা পাওয়া যায়। তবে পরীক্ষাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত সংখ্যক ধাপে নির্বাচন সম্পন্ন করতে হবে।

ইসি সানাউল্লাহ জানান, আইনের মধ্যে থেকেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে আরও সমন্বয় এবং প্রয়োজনীয় প্রস্তুতি শেষে যত দ্রুত সম্ভব ইউপি নির্বাচনের সুনির্দিষ্ট সময়সূচি জানানো হবে।