দৈনিক খুলনা
The news is by your side.

অনিন্দ্য ইসলাম অমিতের ঘোষণা—খাল খননেই শেষ হবে কেশবপুরের জলাবদ্ধতা

52

কেশবপুর( যশোর) প্রতিনিধি :দীর্ঘদিনের জলাবদ্ধতায় ভোগান্তির শিকার যশোরের কেশবপুর উপজেলার মানুষ। বর্ষা এলেই ডুবে যায় ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয় ফসল, ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা। এমন বাস্তবতায় নতুন আশার আলো হয়ে দেখা দিয়েছে বুরুলি খাল পুনঃখনন প্রকল্প।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে কেশবপুর উপজেলার ভবদাহ বুরুলি খালের ০.০০০ কিলোমিটার থেকে ৩.০০০ কিলোমিটার পর্যন্ত মোট ৩ কিলোমিটার খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে শনিবার (২৮ মার্চ) বুরুলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ।

ভবদাহ জলবদ্ধতা নিরসনে যশোর জেলার কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের বিরুলিয়া খাল খনন কর্মসূচি শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আশেক হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ও জেলা উকিল বারের সভাপতি (পিপি) সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ এবং ১১ নং হাসানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা প্রভাষক মোঃ জুলমাত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননের বিকল্প নেই। তিনি আরও উল্লেখ করেন, খালগুলো সচল হলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, এই খাল পুনঃখনন কার্যক্রম শুধু পানি নিষ্কাশনেই নয়, বরং তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিতভাবে খাল পুনঃখনন ও রক্ষণাবেক্ষণ করা গেলে ভবিষ্যতে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে।

এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কাজটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেশবপুরের মানুষের চোখ এখন বুরুলি খালের দিকে এই খনন কাজই কি বদলে দেবে তাদের ভাগ্য? সময়ই দেবে সেই উত্তর।