দৈনিক খুলনা
The news is by your side.

আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে যশোরের শার্শা ও চৌগাছায় বিজিবি মোতায়েন, থাকছেনা সেনাবাহিনী

9

বেনাপোল প্রতিনিধিঃ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে যশোরের শার্শা ও চৌগাছায় বিজিবি মোতায়েন করা হয়েছে।এ দুটি এলাকায় পুলিশ, আনসার সহ অন্যান্য বাহিনীর সাথে বিজিবি সমন্বয় করে নির্বাচন শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবে। এখানে থাকছেনা সেনাবাহিনীর কোনো কার্যক্রম।

আজ শনিবার (৩১ জানুয়ারি) ভোর থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির উপর অর্পিত দায়িত্ব পালনে দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর এবং যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) হতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় নির্বাচনের শেষদিন পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাবে বলে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

ব্রিফিংয়ে তিনি বলেন, ভোটাররা যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এ লক্ষ্যকে সামনে রেখে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছেন। নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, অস্ত্র-গোলাবারুদের অনুপ্রবেশ রোধ এবং যেকোন নাশকতা রোধে চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে নিয়মিত তল্লাশী কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ৩টি জেলায় ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে প্রায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে যশোরের শার্শা ও চৌগাছা নির্বাচনী এলাকা রয়েছে। এ সমস্ত নির্বাচনী এলাকায় যশোর ৪৯ বিজিবি ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আরো বলেন, ৪৯ বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।