দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সহযোগী আটক

18

মোংলা প্রতিনিধি :মোংলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সহযোগী আটক হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে, বুধবার দুপুর ১টার দিকে মোংলা নদীর নালা সংলগ্ন পিকনিক কর্নার থেকে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সহযোগীকে আটক করে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথবাহিনী। এরপর জিজ্ঞাসাবাদে আটক রাসেল হাওলাদারের (৪০) দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফের ওই এলাকায় তল্লাশী অভিযান চালিয়ে করিম শরীফ বাহিনীর আরেক সহযোগী মোশাররফের কাঠের বোট থেকে ২ টি একনালা বন্দুক ও ৮ রাউন্ড তাঁজা গুলি উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত সহযোগী রাসেল হাওলাদার (৪০) বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি ও ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

তিনি আরও বলেন, আটককৃত ডাকাত সহযোগী ও জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যাহত রাখবে।