দৈনিক খুলনা
The news is by your side.

শহীদ ফ্লাইট লে. মাসুদ মেমোরিয়াল ডিগ্রি কলেজে মাওলানা সাখাওয়াত হোসেনের ৪র্থ শাহাদাত বার্ষিকী পালিত

52

কেশবপুর (যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুর উপজেলাধীন হিজলডাঙ্গা শহীদ ফ্লাইট লে. মাসুদ মেমোরিয়াল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠাতা, সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত শিক্ষানুরাগী আলহাজ্ব মাওলানা মোঃ সাখাওয়াত হোসেনের চতুর্থ শাহাদৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা, আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে কলেজ ক্যাম্পাসে গড়ে ওঠে শোকাভিভূত পরিবেশ। তাঁর কর্মময় জীবন, অবদান ও ব্যক্তিত্ব স্মরণে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় মিলনমেলায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ ফ্লাইট লে. মাসুদ মেমোরিয়াল ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সৈয়দ জাহিদ হোসেন। স্মরণসভায় বক্তারা বলেন, আলহাজ্ব মাওলানা মোঃ সাখাওয়াত হোসেন কেবল একজন সংসদ সদস্যই নন, ছিলেন এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার, মানবকল্যাণ এবং সামাজিক পুনর্গঠনের এক অক্লান্ত সংগঠক। তাঁর চিন্তা, কর্ম ও আদর্শ আজও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমির ও যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোঃ মোক্তার আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, সাখাওয়াত হোসেন ছিলেন সত্যিকারের জনগণের প্রতিনিধি। তাঁর মতো নেতৃত্ব আজকের সমাজে অত্যন্ত প্রয়োজন।
এছাড়া কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং যশোর-৬ কেশবপুর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ তাঁর বক্তব্যে বলেন, সাখাওয়াত হোসেনের মানবিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি আজও মানুষের মনে গভীর ভাবে রয়ে গেছে। তাঁর শাহাদত দেশ ও সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ সাখাওয়াত হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এলাকাবাসী মনে করেন, তাঁর আদর্শ ও অবদান আগামী দিনের শিক্ষা ও সমাজ উন্নয়নের পথকে আরও আলোকিত করবে। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান তার সুযোগ্য পুত্র সৈয়দ জাহিদ হোসেন।