কেশবপুর (যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুর দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব গড়ার প্রত্যয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় কেশবপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রেকসোনা খাতুন বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের বড় বাধা। একটি সুশাসনভিত্তিক সমাজ গড়তে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। সততা নৈতিকতা জবাবদিহি প্রতিষ্ঠায় তরুণরাই সবচেয়ে বড় শক্তি। তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম ব্যক্তিগত সততা চর্চা আইন মেনে চরা, অনিয়ম দেখলে প্রতিবাদ করা, প্রযুক্তি ব্যবহার করে স্বচ্ছতা বৃদ্ধি এবং সমাজে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা বলেন, দুর্নীতি রোধে তরুণদের ব্যক্তিগত সততা বজায় রাখা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, ঘুষ না দেওয়া-না নেওয়ার অঙ্গীকার, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ, অভিযোগ জানানোর সাহস, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার, দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রমে অংশগ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম প্রতিরোধ, সৎ নেতৃত্ব বেছে নেওয়া এবং স্বেচ্ছাসেবামূলক উদ্যোগে যুক্ত হওয়ার মতো ভূমিকা অত্যন্ত প্রয়োজন। এসব ভূমিকা সঠিকভাবে পালন করতে পারলে আগামী প্রজন্মের জন্য একটি শুদ্ধ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথি ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর সভাপতি মোঃ জাকির হোসেন, এনপিপির সভাপতি মোঃ সম্রাট হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানী দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ড।
সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দীন ইসলাম।আলোচনা সভায় বক্তারা দুর্নীতিবিরোধী চেতনাকে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।