দৈনিক খুলনা
The news is by your side.

ইয়াবা ছিনিয়ে নেয়ার দ্বন্দ্বে গোলাগুলি: আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ছিনিয়ে নেয়াকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলির ঘটনায় ব্যবহৃত বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এ সময় রবিউল ইসলাম নয়ন (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৬ নভেম্বর ইয়াবা ছিনিয়ে নেয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে শাহজান নামে একজন নিহত হন। পরে এ হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযানে নামে পুলিশ। রোববার ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

এ ঘটনায় রবিউল ইসলাম নয়নকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলার পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার।

তিনি বলেন, ‘হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’