সিগন্যালে অপেক্ষমাণ গাড়ির দীর্ঘ সারি, পথচারীদের ব্যস্ততা আর বাস থামলেই ওঠার প্রতিযোগিতা। গাড়ির ভেতরেও উপচেপড়া যাত্রী।
রোববার (২৯ নভেম্বর) সরেজমিন রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্রই চোখে পড়ে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব এদিন রাজধানীতে দেখা যায়নি। নগরীর প্রধান সড়কগুলোতে অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করেছে, বেশিরভাগ এলাকায় ছিল চিরাচরিত যানজট। অফিস, ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন কর্মকাণ্ডে ব্যস্ত সময় কাটিয়েছেন নগরবাসী।
বনশ্রী থেকে বাংলামোটরে অফিসগামী যাত্রী রফিকুল ইসলাম বলেন, ‘অন্যান্য দিনের মতো আজও রাস্তায় গাড়ির চাপ রয়েছে। লকডাউনের কোনো প্রভাব তো দেখছি না। স্বাভাবিকভাবেই যানবাহন চলছে। লকডাউন জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই রাস্তায় কোনো প্রভাব নেই।’
লকডাউনের ডাকের পরিপ্রেক্ষিতে রাজধানীর বাসিন্দাদের একটি অংশের মধ্যে ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা গেছে। পাশাপাশি গোপালগঞ্জ এলাকায় সহিংসতা ও জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ কেউ। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও কঠোর ভূমিকা রাখার দাবি জানিয়েছেন তারা।