সকাল থেকেই কোমলমতি শিশুদের হাসি, উচ্ছ্বাস আর আনন্দমুখর পদচারণায় মুখর হয়ে ওঠে হাতে খড়ি শিশু শিক্ষালয় প্রাঙ্গণ। শিশুদের কলকাকলি, অভিভাবকদের উপস্থিতি আর উৎসবের আমেজে বিদ্যালয় চত্বর পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। উপলক্ষ,খুদে শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত ক্লাস পার্টি।
শনিবার (২৮ নভেম্বর) খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া মুজাহিদপাড়া এলাকায় অবস্থিত হাতে খড়ি শিশু শিক্ষালয়ে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয় এ ক্লাস পার্টি। সকাল সাড়ে ১০টায় কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব পত্রিকার খুলনা ব্যুরো প্রধান ও সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার সদস্য আসাফুর রহমান কাজল, সাবেক সেনা কর্মকর্তা মাহমুদুন নবী মামুন এবং সমাজসেবক ফরহাদ আহম্মেদ।
হাতে খড়ি শিশু শিক্ষালয়ের প্রধান শিক্ষক ও পরিচালক মাসুমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ইশরাত জাহান মৌ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক আসমা উল হুসনা সোহেলী, হুমায়রা, ইশরাত মীম, বৃষ্টি, লামিয়া, আশিকুর রহমান, রোকনুজ্জামানসহ বিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা শিশুদের উদ্দেশে উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন। তাঁরা বলেন, শৈশবের আনন্দময় মুহূর্তগুলো শিশুর মানসিক বিকাশ, সৃজনশীলতা ও পারস্পরিক বন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি এমন আনন্দঘন আয়োজন শিশুদের মধ্যে সহমর্মিতা, সৌহার্দ্য ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক।
পরে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ পরিবেশনা, আনন্দ-উল্লাস ও নানা আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। হাসি, খেলা আর আনন্দের আবেশে কেটে যায় শিশুদের চমৎকার একটি দিন। ছোট্ট শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর অভিভাবকদের আনন্দমুখর উপস্থিতিতে ক্লাস পার্টিটি পরিণত হয় এক স্মরণীয় মিলনমেলায়।
