বৃহত্তর যশোরের জলাবদ্ধতা নিরসনে উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা
কৃষি ও সেচব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব
কেশবপুর :
বৃহত্তর যশোর অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন, কৃষিজমিতে সেচসুবিধা সম্প্রসারণ এবং সামগ্রিক পানি ব্যবস্থাপনার উন্নয়নের লক্ষ্যে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ ‘অমিত্রাক্ষর’-এ এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি এবং মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
বৃহত্তর যশোর অঞ্চলের কৃষি, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ এ প্রকল্পের পর্যালোচনা সভায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, নীতিনির্ধারক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি প্রকল্পটির গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরে।
উল্লেখ্য, বৃহত্তর যশোর অঞ্চলে জলাবদ্ধতা নিরসন ও সেচব্যবস্থার উন্নয়ন স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের দুর্ভোগ লাঘব এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে প্রকল্পটির যথাযথ বাস্তবায়ন ও কার্যকর পানি ব্যবস্থাপনা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত।
উচ্চপর্যায়ের এ পর্যালোচনা সভাকে বৃহত্তর যশোরের জলাবদ্ধতা সমস্যা মোকাবিলা এবং কৃষি ও সেচ অবকাঠামোর উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।