দৈনিক খুলনা
The news is by your side.

প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা

বাগেরহাট:

বাগেরহাটের প্রয়াত সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আ স ম মোস্তাফিজুর রহমানের স্মরণে শহরের ঐতিহ্যবাহী মিঠাপুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আ স ম মোস্তাফিজুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মদ জাকির হোসেন। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। অনূর্ধ্ব-১৪ ও উন্মুক্ত—এই দুটি বিভাগে ১০০ মিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে শরীরচর্চা ও ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রয়াত আ স ম মোস্তাফিজুর রহমানের স্মৃতিকে ধারণ করে এ আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকেরা জানান, আ স ম মোস্তাফিজুর রহমান ছিলেন বাগেরহাটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব। তাঁর স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী মাহফুজ ও মনিরা ইসলাম এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যাশা জানান। তাঁরা বলেন, সাঁতার শুধু একটি ক্রীড়া কার্যক্রম নয়, বরং আত্মরক্ষা ও শারীরিক সক্ষমতা অর্জনেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে জলবেষ্টিত বাগেরহাট অঞ্চলে শিশু-কিশোরদের সাঁতার শেখা অত্যন্ত জরুরি।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষক দলের আহ্বায়ক আসাফউদ্দৌলা জুয়েল, বাগেরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এসকেন্দার হোসেন, জেলা যুবদলের সভাপতি মো. সুজন মোল্লা, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, বিএনপি নেতা মো. লিটু শরীফ, ছাত্রদল নেতা শেখ আরিফুল ইসলামসহ আয়োজক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।