অগ্নিসন্ত্রাস ও রক্তপাতের মধ্যেও তারেক রহমানের সরকার গণতন্ত্র ও মানবাধিকারের নীতিমালা মেনে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘পালিয়ে যাওয়ার পরও শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।’
হত্যা ও রক্তের আলপনা এঁকে দেশকে অস্থিতিশীল হিসেবে চিহ্নিত করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘অগ্নিসন্ত্রাস ও রক্তপাতের মধ্যেও তারেক রহমানের সরকার গণতন্ত্র ও মানবাধিকারের নীতিমালা মেনে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।’
প্রশাসন ও গণমাধ্যমে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সরকারের জনবান্ধব কাজ আড়াল করতে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি বলেন, ‘রফতানি খাত ও ব্যবসা-বাণিজ্য চলে যাওয়ার প্রচারণা ভিত্তিহীন এবং সরকারের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। বস্তুনিষ্ঠ সংবাদ গণতন্ত্রকে শক্তিশালী করে, আর অপপ্রচার গণতন্ত্রের জন্য বিপজ্জনক।’
নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির খবর প্রচার না করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিক চলছে।’
এ সময় বিজয়ের মাস উদ্যাপন উপলক্ষে আগামী ১ ডিসেম্বর দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।