কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত ও উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভ বিশ্বাস। বক্তব্যে তিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, পশুপাখির রোগবালাই প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে. এম. মফিজুর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল আহাদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, জেলা বিএনপির সদস্য এম এ হাসান এবং বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন বাবুল।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের প্রশিক্ষণ, পশুপাখির নিয়মিত টিকাদান ও চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে গো-খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং খামারিদের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের খামারি এবং সংশ্লিষ্ট প্রকল্পের উপকারভোগীরা অংশগ্রহণ করেন।