শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধ এবং নিরাপদ শৈশব নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সময়ে নিখোঁজ হওয়া শিশুদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় তারা শিশু অপহরণ ও নিখোঁজের ঘটনা, কন্যাশিশুদের সাইবার নিরাপত্তা এবং নিখোঁজ শিশুদের তদন্ত ও উদ্ধারে বিভিন্ন সমস্যা ও অন্যান্য বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
সাদাত রহমান নিখোঁজ শিশুদের সন্ধান ও উদ্ধারে ফাউন্ডেশনের উদ্যোগ ‘মুন অ্যালার্ট’, শিশুদের অনলাইন নিরাপত্তায় ‘সাইবার টিনস’এবং হেল্পলাইন ১৩২১৯-এর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। মুন অ্যালার্ট দেশব্যাপী কার্যকর করা, দীর্ঘদিন নিখোঁজ শিশুদের উদ্ধারে বিশেষ জাতীয় অভিযান পরিচালনা এবং শিশুদের অনলাইন নিরাপত্তা ও সুরক্ষা কার্যক্রম জোরদারে তারা রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি জানান। প্রতিনিধিদলের উত্থাপিত বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে তিঁনি তাঁদের আশ্বস্ত করেন।
শিশুদের উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতে জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি এসব কার্যক্রমে আরও মানুষকে সম্পৃক্ত করা এবং কাজের পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে এ ধরনের উদ্যোগকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন তিনি।
শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় আরও জোরদারের আহ্বান জানান রাষ্ট্রপতি। এ বিষয়ে একটি বিশেষ সেল গঠনের প্রয়োজনীয়তার কথাও তিঁনি উল্লেখ করেন। শিশুদের নিরাপত্তা ও সুরক্ষায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও সুরক্ষিত শৈশব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
