সারাদিন রোদে-গরমে স্বর্ণদ্বীপে সামরিক মহড়া পরিদর্শনসহ নানা কর্মসূচিতে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ কর্মসূচি শেষে বিশ্রামে না গিয়ে সন্ধ্যায় আবার সচিবালয়ে গিয়ে দাপ্তরিক দায়িত্ব পালন করেছেন তিনি। দিনের কর্মব্যস্ততা শেষ করেও সরকারি কাজের বাইরে থাকতে চাননি প্রধানমন্ত্রী। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পরও সচিবালয়ে গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রবেশের পর নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করেন তিনি। এরপর একে একে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজে অংশ নেন।
এর আগে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাওয়ার জন্য সকাল ৮টা ৩০ মিনিটে বাসা থেকে বের হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন তিনি। বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।
স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানকে পাশে বসিয়ে আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে জয়েন্ট স্পেশাল ফোর্সের চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।
এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন। পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী। দীর্ঘ কর্মসূচি শেষে বাসায় না ফিরে সরাসরি সচিবালয়ে গিয়ে দাপ্তরিক কাজে যোগ দেন তিনি।