দৈনিক খুলনা
The news is by your side.

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাতক্ষীরা জেলায় ক্ষতি ১০ কোটির বেশি 

এম এম জামান মনি, পাটকেলঘাটা:
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের বৃষ্টিতে সবচেয়ে বিপাকে পড়েছেন সাতক্ষীরার তালা উপজেলা সহ জেলার ১২৩ টি ইটভাটার মালিক ও শ্রমিকরা। আকস্মিক বৃষ্টির পানিতে বিভিন্ন ইটভাটায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে লাখ লাখ কাঁচা ইট। কোথাও আবার বৃষ্টির পানিতে ভিজে নরম হয়ে ভেঙে গুলে গেছে সাজিয়ে রাখা কাঁচা ইটের স্তর।
ইট তৈরির মৌসুম শুরু হতেই এমন বৃষ্টি ইটভাটা সংশ্লিষ্টদের জন্য বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাঠে ও ভাটার চত্বরে শুকানোর জন্য রাখা কাঁচা ইট বৃষ্টির পানিতে গলে যাওয়ায় নতুন করে ইট তৈরি ও উৎপাদন কার্যক্রমে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।
তালা উপজেলার মেল্লেকবাড়ি এসএন ইটভাটায় যেয়ে দেখা গেছে, বৃষ্টির পানি জমে কাঁচা ইটের ব্যাপক ক্ষতি হয়েছে। সাজিয়ে রাখা ইটের স্তর ভেঙে পড়েছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পানিতে ক্ষতিগ্রস্ত কাঁচা ইট। কোথাও কোথাও জমে আছে বৃষ্টির পানি।
ইটভাটা সংশ্লিষ্টদের কাছে এই ক্ষতি শুধু কাঁচা ইট নষ্ট হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়,’এর সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রমিকদের পরিশ্রম, উৎপাদন খরচ এবং পুরো মৌসুমের ব্যবসায়িক হিসাব-নিকাশ।’
স্থানীয় ইটক্রেতা আসাদুল ইসলাম জানান, বৃষ্টিতে অনেক কাঁচা ইট গলে নষ্ট হয়েছে। কারিগররাও কয়েকদিন কাজ করতে পারছেন না। এতে মালিকদের সাময়িক ক্ষতি হলেও তারা পাকা ইটের দাম বাড়িয়ে দিয়ে লোকসান ঠিকই পুষিয়ে নিবেন। বাড়তি টাকা যাবে আমাদের মত সাধারণ ক্রেতাদের পকেট থেকে।
হঠাৎ বৃষ্টির এমন প্রভাব কাটিয়ে ইটভাটাগুলো কবে নাগাদ স্বাভাবিক উৎপাদনে ফিরতে পারবে জানতে চাইলে ভাটার মালিক বাবলুর রহমান বলেন, আমার ৫ লাখ কাঁচা ইট বৃষ্টির পানিতে ভিজে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কিছু ইট পলিথিন দিয়ে ঢাকার চেষ্টা করেও তেমন একটা লাভ হয়নি। পানির ছিটকানিতে অধিকাংশ ঢাকা ইটে দাগ লেগেছে। এতে করে আমার ভাটায় প্রায় ১০ লাখ টাকার লোকসান গুনতে হচ্ছে। জেলার সবগুলো ভাটার একই অবস্থা।
জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও আলিপুর অটো ব্রিকসের মালিক আব্দুস সবুর বলেন, শীতের আগমনী বার্তায় আমরা কেবলই কাঁচা ইট কাটা শুরু করেছিলাম। আমার ভাটায় ৮-১০ লাখ ইট পানিতে গলে কাদামাটিতে পরিনত হয়েছে। প্রত্যেক ইটে ২ টাকা পরিমাণ ক্ষতি হয়েছে। হিসেব করলে পাওয়া যাবে মোট কত টাকার ইট নষ্ট হয়েছে।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাতক্ষীরা ৭ উপজেলা ও ২ পৌরসভার মধ্যে তালিকাভুক্ত ভাটার সংখ্যা ১২৩ টি। তবে সবকয়টি এবছর চালু হয়েছে কিনা তার তথ্য পাওয়া যায়নি।
পরিবেশ কর্মকর্তা সৌমেন মৈত্র জানান, ঘূর্ণিঝড় আকভানের ফলে কয়েকদিনের বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন ইটভাটার মালিকরা। তাদের তৈরিকৃত লাখ লাখ কাঁচা ইট পানিতে গলে নষ্ট হয়ে গেছে। যতদূর খবর পেয়েছি জেলার প্রায় ৮৫ টি ভাটার কাঁচা ইট একেবারেই গলে গেছে। যাতে করে ভাটার মালিকরা প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়বে আশংকা করছি। তবে সঠিক তথ্য দিতে পারবো আরও কয়েক দিন পরে।