পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ করে ঘুমন্ত অবস্থায় বাসের হেলপারকে পুড়িয়ে হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি।
বিক্ষোভ মিছিলে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এ নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, বাসে অগ্নিসংযোগ এবং ঘুমন্ত অবস্থায় হেলপারকে পুড়িয়ে হত্যার ঘটনা অত্যন্ত নৃশংস ও নিন্দনীয়। এ ধরনের অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি আরও জানান, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধী শনাক্তের নামে কোনো নিরীহ মানুষ যেন হয়রানি, মিথ্যা মামলা কিংবা অন্যায়ভাবে আইনি জটিলতার শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকৃত অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ মানুষের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী।
বিক্ষোভ মিছিলে ভান্ডারিয়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।