দৈনিক খুলনা
The news is by your side.

মানবপাচার সিন্ডিকেট চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

27

মানবপাচারের সিন্ডিকেটগুলো চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে চলমান অধিবেশনে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘পলাতক স্বৈরাচারের আমলে মানবপাচারের সিন্ডিকেট প্রকট আকার ধারণ করেছিল। এসব কারণে অনেক দেশ শ্রমিক নেওয়া বন্ধ করে দেয়। এসব সিন্ডিকেট চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

বাংলাদেশ ব্যাংকের বর্তমানে রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার উল্লেখ করে তিনি বলেন, ‘মালয়েশিয়ায় নামমাত্র খরচে ১০ হাজার শ্রমিক পাঠানো হবে। এর মধ্যে গত স্বৈরাচার আমলে আটকেপড়া এক হাজার শ্রমিক রয়েছেন।’

এছাড়া শ্রমিক রফতানির বিষয়ে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গেও আলোচনা চলছে বলে জানান সরকারপ্রধান।

উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমানে রাজধানীর সড়কে গাড়ির গতি ঘণ্টায় ১১ কিলোমিটার, যা স্বৈরাচার আমলে ছিল ৪ কিলোমিটার।’

ঢাকা শহরের ৫০টি পয়েন্টে এআই সিগন্যাল বসানোর কাজ চলছে বলেও জানান তারেক রহমান। তিনি বলেন, ‘দু-এক মাসের মধ্যে এগুলো কাজ শুরু করবে।’

দেশের সব উপজেলা হাসপাতালকে ১৫০ শয্যায় উন্নীত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।