দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় মুদি দোকানে আগুন, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা

5

খুলনা নগরীর লবণচরা থানাধীন ওয়াজেদ নগর এলাকায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মুদি দোকান ও একটি যুব উন্নয়ন সংঘ পুড়ে ছাই হয়ে গেছে।

এ ঘটনায় দোকানমালিকের প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে মুদি দোকান বন্ধ করে বাড়ি চলে যান মালিক ডালিম। পরে রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ দোকানে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দোকান এবং পাশের যুব উন্নয়ন সংঘ সম্পূর্ণ পুড়ে কয়লা হয়ে যায়। আগুনে যুব সংঘের ১২০টি চেয়ার, অফিস কক্ষের আসবাবপত্র ও একটি প্রজেক্টর পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত দোকানমালিক ডালিম জানান, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা সুকৌশলে এ আগুন লাগিয়েছে। ওই দোকানে বিএনপির নেতাকর্মীরা বসতেন উল্লেখ করে তিনি রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই নাশকতার আশঙ্কা প্রকাশ করেন। আগুনে সবকিছু হারিয়ে তিনি এখন সম্পূর্ণ নিঃস্ব।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এটি নাশকতার অংশ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।