দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

5

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

দেশব্যাপী নাশকতা, নৈরাজ্য ও সহিংসতার অভিযোগের প্রতিবাদে যশোরের কেশবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুফলাকাটি ইউনিয়ন বিএনপি। কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের নির্দেশে মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সুফলাকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ৮ নম্বর সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে নেতাকর্মীরা সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস।

তিনি বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে তা রাজনৈতিক ও সামাজিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক, নাজির বিশ্বাস, কেশবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মেহেদী হাসান হিমেল, যুবদল নেতা জুয়েল রানা, সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি বি এম মহির উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, সাবেক চেয়ারম্যান কবির হোসেন, শ্রমিক নেতা আলামিন বিশ্বাসসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে কলাগাছি বাজার এলাকায় রাজনৈতিক কর্মসূচির পরিবেশ তৈরি হয়।