বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তিনজন। তারা হলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ইতিহাসবিদ ও মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন এবং রোহিঙ্গা মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা।
‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শীর্ষক ২০২৭ সালের সংস্করণে বাংলাদেশের এই তিনজনের নাম রয়েছে। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এই বার্ষিক সংকলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তুলে ধরা হয়েছে।
প্রকাশকদের ব্যাখ্যা অনুযায়ী, রাজনৈতিক, সাংস্কৃতিক, আদর্শিক, অর্থনৈতিক কিংবা অন্য কোনো ক্ষেত্রে মুসলিম বিশ্বে উল্লেখযোগ্য পরিবর্তন আনার ক্ষমতা রয়েছে—এমন ব্যক্তিদের প্রভাব বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করা হয়। এতে কোনো ব্যক্তির অন্তর্ভুক্তি তাঁর মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি প্রকাশকের সমর্থন বোঝায় না।
তালিকায় বাংলাদেশের তিনজনের মধ্যে তারেক রহমান রয়েছেন রাজনৈতিক বিভাগে। বইটির ১৬০ পৃষ্ঠায় তাঁর পরিচিতি তুলে ধরা হয়েছে। সেখানে তাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শপথ নেয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
তালিকায় নতুন সংযোজন হিসেবে তারেক রহমানের নাম উল্লেখ করা হয়েছে। বইটির ২৩৬ পৃষ্ঠায় ৪৫০ জনের তালিকায় নতুন যুক্ত হওয়া ব্যক্তিদের নামের মধ্যেও তাঁর নাম রয়েছে।
বাংলাদেশের অন্য দুইজনের মধ্যে ড. হামিদা হোসেন রয়েছেন সামাজিক বিষয়াবলি বিভাগে। বইটির ১৯০ পৃষ্ঠায় তাঁর পরিচিতিতে বলা হয়েছে, তিনি একজন ইতিহাসবিদ, লেখক ও মানবাধিকারবিষয়ক শিক্ষাবিদ। ১৯৬৯ সালে রাজনৈতিক সাময়িকী ‘ফোরাম’ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন তিনি। বাংলাদেশের স্বাধীনতার পর যুদ্ধকালীন সহিংসতার শিকার নারীদের পুনর্বাসনেও কাজ করেন। এ ছাড়া কারুশিল্পের বিকাশে ‘কারিকা’ প্রতিষ্ঠা করেন তিনি। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক চেয়ারপারসন হিসেবেও তাঁর পরিচয় তুলে ধরা হয়েছে।খেলা খবর
একই বিভাগে রয়েছেন রাজিয়া সুলতানা। বইটির ১৯০ পৃষ্ঠায় তাঁর পরিচিতিতে বলা হয়েছে, তিনি মিয়ানমারে জন্ম নেয়া এবং বাংলাদেশে বেড়ে ওঠা একজন রোহিঙ্গা আইনজীবী, গবেষক ও মানবাধিকারকর্মী। রাষ্ট্রহীন রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। বিশেষ করে বাস্তুচ্যুত নারী ও শিশুদের ওপর যৌন সহিংসতা, ধর্ষণ ও পাচারের ঘটনা নিয়ে গবেষণা ও তথ্য সংগ্রহ করেছেন। কক্সবাজারের শরণার্থী শিবিরে বেঁচে ফেরা ব্যক্তিদের সাক্ষাৎকারের ভিত্তিতে তাঁর কয়েকটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
বইটির সূচি অনুযায়ী, বিশ্বের প্রভাবশালী মুসলিমদের প্রথম ৫০ জনকে ক্রমানুসারে সাজানো হয়েছে। বাকি ৪৫০ জনকে প্রভাবের ক্ষেত্র অনুযায়ী ১৩টি বিভাগে ভাগ করা হয়েছে। এসব বিভাগে থাকা ব্যক্তিদের মধ্যে আলাদা কোনো ক্রম বা র্যাঙ্কিং নেই।
রাজনীতি, ধর্মীয় নেতৃত্ব, শিক্ষা, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি, গণমাধ্যম, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে প্রকাশিত হয় এই সংকলন। ২০২৭ সালের সংস্করণটি এর ১৮তম বার্ষিক প্রকাশনা।