দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

2

সাতক্ষীরা প্রতিনিধি: 

সাতক্ষীরার আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোস্তাকিম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা-পারুলিয়া সড়কের শোভনালী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মোমিন আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে সাব-ইন্সপেক্টর (এসআই)তারিকুর রহমান শুভ বলেন, তিনি ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও আহতদের নিয়ে আশাশুনি সদরে ফিরছেন। নিহত মোস্তাকিমসহ তিনজন যুবক একটি দ্রুতগ্রামী মোটরসাইকেলে করে অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তারা নিয়মিত ভ্লগিং ও টিকটক কার্যক্রম পরিচালনা করতেন এবং ঘটনার সময়ও তারা ভিডিও তৈরিতে ব্যস্ত বা অতিরিক্ত গতির মধ্যে ছিলেন। অতিরিক্ত গতির কারণে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় গাছের গায়ে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মোস্তাকিমের মৃত্যু হয়। আহত হন দুইজন।

খবর পেয়ে আশাশুনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির জন্য রওয়ানা দেন। পাশাপাশি নিহতের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

এসআই তারিকুর রহমান শুভ আরও জানান, দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। #