যশোরের শার্শায় পুলিশের দুটি বিশেষ অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম ইয়াবার গুঁড়াসহ এক নারী ও এক যুবককে করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার উলাশী ইউনিয়নের লাউতাড়া এবং ডিহি ইউনিয়নের শাড়াতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ আল আমিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান দুটি পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে লাউতাড়া-গয়ড়া সড়কের একটি ব্রিজের ওপর অভিযান চালিয়ে তানজিলা বেগম (৩০) নামে এক নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম ইয়াবার গুঁড়া অংশ পাওয়া যায়।
অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে গোড়পাড়া-কাশিপুরে সড়কের শাড়াতলা বাজারে অভিযান চালিয়ে মো. মেহেদী হাসান (২২) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
যশোরের শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।