দৈনিক খুলনা
The news is by your side.

এইচএসসির পুনর্মূল্যায়নের ফল ডিসেম্বরেই : শিক্ষামন্ত্রী

26

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে এইচএসসি পরীক্ষার সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল আগামী ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফলে ফল পুনর্মূল্যায়নের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিনের সেশনজট নিরসনে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে অযথা দীর্ঘায়িত না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, বিজ্ঞান ও কৃষি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার। গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও মানসম্মত করে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ থেকে ১৫ ডিসেম্বর সম্পূরক পরীক্ষা নেওয়ার সূচি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষা ১৫ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। পরীক্ষার ফল ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে শিক্ষা বোর্ডগুলো।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। তারা সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি উত্তরপত্র পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তারাও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের এসব সুযোগ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের সময়সূচি সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গত ৯ নভেম্বর পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।