দৈনিক খুলনা
The news is by your side.

সীমান্তের ওপার থেকে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা, কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

37

সীমান্তের ওপার থেকে ইশারায় কেউ গার্মেন্টস খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও বৈঠকে উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্তের ওপার থেকে ইশারায় কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের এসব থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, গার্মেন্টস খাতে সম্ভাব্য অস্থিরতা সম্পর্কে আগেই সতর্ক করা হয়েছিল। গত মাসের ১৮ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শ্রম মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগাম ব্যবস্থা নেওয়ার বিষয়েও জানানো হয়েছিল।

এর আগে সকালে গার্মেন্টস খাতের চলমান পরিস্থিতি, সংকটের কারণ ও তা নিরসনে করণীয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পোশাকশিল্পের মালিক নেতারা।

এদিকে, ন্যূনতম মাসিক বেতন-ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সোমবারও গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিভিন্ন যানবাহন ও দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটে।

অন্যদিকে, সাভারের আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।