সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৮৬ জন রোগী।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১ হাজার ৮৮৬ জনের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৩৩৯ জন (সরকারি হাসপাতালে ২৯২ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৭ জন)।
এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩৬৬ জন, ময়মনসিংহে ৮৯ জন, চট্টগ্রামে ২৭২ জন, খুলনায় ২৬৪ জন, রাজশাহীতে ১৮৮ জন, রংপুরে ৭৮ জন এবং বরিশাল বিভাগে ২২৯ জন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ জনে। চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১ লাখ ২১ হাজার ১০৫ জন। এর মধ্যে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৬ হাজার ২৫১ জন। আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২৫ হাজার ৪৩৯ জন।