দৈনিক খুলনা
The news is by your side.

বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫,৭৭৯ যাত্রী

36

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ার জেরে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১০৩টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট।

 

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ব্যাহত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৪২টি সরাসরি এবং ৬১টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি ব্যাহত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি ফ্লাইট। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের আটটি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে।

 

এ ছাড়াও ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি ২২টি ফ্লাইট ব্যাহত হয়েছে ইন্ডিগোর। এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের আটটি, সালামএয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার তিনটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট ব্যাহত হয়েছে।

 

বিমানবন্দরগুলোর কার্যক্রম ব্যাহত হওয়ায় সৌদি আরব হয়ে সরাসরি ও সংযোগকারী ফ্লাইটে ভ্রমণকারী যাত্রীদের যাত্রা পরিকল্পনা ব্যাহত হয়েছে। গত সপ্তাহে সৌদি আরবের বেশ কয়েকটি বিমানবন্দরে ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার দেশটির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে ইরানপন্থী ইয়েমেনের হুথি গোষ্ঠী। ওই হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন।

 

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার রিয়াদ বিমানবন্দরে আরও একটি হামলার ঘটনা ঘটে। এ সময় একটি অজ্ঞাত বস্তু টার্মিনাল-৪-এ আঘাত হানলে আগুন ধরে যায় এবং ১১ জন আহত হন।

 

এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বিমানবন্দরের কাছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।