ফুলতলা :
খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি বলেছেন, “এই দেশ আমাদের সবার। এখানে হিন্দু-মুসলিম সবাই সমান অধিকার ভোগ করবেন। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করা যাবে না।” আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১টায় ফুলতলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সূচি রানী সাহা। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অনুপম মিত্রের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
এমপি আলী আসগর লবি বলেন, পূজাকে কেন্দ্র করে কেউ যেন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তবে কাউকে অযথা হয়রানি করা যাবে না বলেও তিনি উল্লেখ করেন। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।
এ সময় ফুলতলা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে একটি পিকআপ ভ্যান দেওয়ার ঘোষণা দেন সংসদ সদস্য।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেসমিন আরা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরিফ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সেলিম সরকার, সদস্য সচিব প্রকৌশলী মনির হাসান টিটো, যুগ্ম আহ্বায়ক এনামুল হোসেন পারভেজ, ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, শরীফ মুহাম্মদ ভূঁইয়া শিপলু, উপজেলা প্রকৌশলী মো. ইয়াছিন আরাফাত, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, অধ্যক্ষ মো. মিজানুর রহমান, অজয় কুমার চক্রবর্তী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বোরহান উদ্দিন, ওসি মো. মারগুব তৌহিদ, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. আশরাফ হোসেন, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি তাপস কুমার বিশ্বাস, সম্পাদক শেখ মনিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মাহজারুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব রণজিৎ বসুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় জানানো হয়, ফুলতলা উপজেলার ৪১টি পূজামণ্ডপে প্রতিটিতে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া সংসদ সদস্য আলী আসগর লবি ব্যক্তিগতভাবে প্রতিটি পূজামণ্ডপে দুই হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা দিয়েছেন।
এর আগে সংসদ সদস্য আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পরে পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাব আয়োজিত বিনা মূল্যে চিকিৎসা শিবির উদ্বোধন করেন। এ সময় তিনি অসহায় এক নারীকে ঘর, সেলাই মেশিন ও ফুড ভ্যান, হাসপাতালের শয্যা, কম্পিউটার প্রশিক্ষণে সনদপ্রাপ্ত শুভজিৎ বিশ্বাসকে সনদ, হুইলচেয়ার এবং খাদ্যসামগ্রী বিতরণ করেন।
লায়ন্স ক্লাবের প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার ফারিহা হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএনও সূচি রানী সাহা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেসমিন আরা, ওসি মো. মারগুব তৌহিদ, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, লায়ন একেএম গোলাম ফারুক, লায়ন ডা. আবু হুসাইন খন্দকার, দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন সাবিনা সিদ্দিকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইঞ্জিনিয়ার আবিদ হাবিব।