দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় ৩০০ পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

14

কয়রা :

খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় ৩০০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় কয়রা দারুস সুন্নাহ মহিলা দাখিল মাদরাসা মাঠে সংস্থাটির জরুরি খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল প্রতি পরিবারের জন্য ২৫ কেজি চাল, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ৪ কেজি চিনি, ৪ কেজি আটা, ২ কেজি লবণ, চার প্যাকেট নুডলস, ১ কেজি চিড়া ও ১ কেজি খেজুর।

ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রতিনিধি এসএ মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. জি এম শফিকুল ইসলাম, সংস্থাটির অ্যাডমিন ও কমপ্লায়েন্স ম্যানেজার কাজী মো. আবু সুফিয়ান, অফিস এক্সিকিউটিভ শিবলী এবং যশোর অঞ্চলের প্রতিনিধি নাজমুল হোসেন।

এ ছাড়া কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের সহসভাপতি মো. হাফিজুর রহমান ও গোলাম রব্বানী, সেক্রেটারি রায়হান কবির, ডা. জিন্নাত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষের খাদ্যনিরাপত্তা, সুপেয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, মানবিক সহায়তা কার্যক্রম দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকার অসহায় পরিবারগুলোর সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সংকটে থাকা মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ দেশের বিভিন্ন উপকূলীয় জেলায় খাদ্যসামগ্রী, সুপেয় পানি, শিক্ষা উপকরণ ও স্বাস্থ্যসুরক্ষাসামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।