দৈনিক খুলনা
The news is by your side.

চট্টগ্রাম বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১৯০ জন

24

চট্টগ্রাম :

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ২ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থীর নম্বরে পরিবর্তন এসেছে। নতুন করে ফেল থেকে পাস করেছেন ১৯০ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৩ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড কার্যালয় থেকে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ৩৯ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী মোট ১ লাখ ১৪ হাজার ৭০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। পুনর্নিরীক্ষণ শেষে ৩ হাজার ১১৪টি উত্তরপত্রের নম্বরে পরিবর্তন আনা হয়েছে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নম্বর পরিবর্তন হওয়া পরীক্ষার্থীদের মধ্যে ১ হাজার ১৮৫ জনের জিপিএ পরিবর্তিত হয়েছে। তাদের মধ্যে ৬৪৭ জনের জিপিএ-১ থেকে জিপিএ-৫-এর নিচে বিভিন্ন পর্যায়ে পরিবর্তন হয়েছে। তবে নম্বর বাড়ার পরও ১৫০ জন পরীক্ষার্থী ফেল করেছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মান্নান বলেন, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা উত্তরপত্রগুলো নিয়ম অনুযায়ী যাচাই করা হয়েছে। যাচাই শেষে যেসব উত্তরপত্রে নম্বর পরিবর্তনের সুযোগ পাওয়া গেছে, সেসব ক্ষেত্রে ফলাফলে সংশোধন আনা হয়েছে। এর ফলে অনেক পরীক্ষার্থীর নম্বর ও জিপিএ পরিবর্তনের পাশাপাশি কেউ কেউ ফেল থেকে পাস করেছেন।