দৈনিক খুলনা
The news is by your side.

লন্ডনে সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর ইলফোর্ডের বাসায় ভয়াবহ চুরি

ক্যামেরা-লেন্স, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী লুট

6

আবু সুফিয়ান ঝিলাম, লন্ডন : প্রবাসী সাংবাদিক, লেখক ও কলামিস্ট শেখ মহিতুর রহমান বাবলুর পূর্ব লন্ডনের ইলফোর্ডের বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। গত ৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে শেখ মহিতুর রহমান বাবলু বাসা থেকে বাইরে যান। রাত সাড়ে ১০টার দিকে নিজ চাবি দিয়ে বাসায় প্রবেশ করেই  দেখতে পান ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং একটি জানালা খোলা। বিষয়টি দেখে তিনি চমকে ওঠেন এবং বুঝতে পারেন, তার বাসায় চুরি হয়েছে।

ঘটনার পরপরই তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ও ফরেনসিক বিভাগের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এ ঘটনার  তদন্ত এখনো চলমান ।

চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে  প্রফেশনাল ক্যামেরা, তিনটি লেন্স, প্রফেশনাল তিনটি মাইক্রোফোন ও ক্যামেরার বিভিন্ন আনুষঙ্গিক যন্ত্রপাতি, ল্যাপটপ, এক্সটার্নাল হার্ডডিস্ক, স্বর্ণালংকার এবং নগদ অর্থ।

এদিকে চুরির খবর জানার পর লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারিসহ ক্লাবের সাংবাদিকরা টেলিফোনে এবং ব্যক্তিগতভাবে তার খোঁজখবর নেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবীণ এই সাংবাদিক। একই সঙ্গে এই বেদনাদায়ক ঘটনায় যারা বিভিন্নভাবে সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন, তাদের সবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

বিভিন্ন গণমাধ্যমকর্মীর সঙ্গে আলাপকালে শেখ মহিতুর রহমান বাবলু বলেন, ব্রিটেনে, বিশেষ করে লন্ডনসহ দেশটির বড় শহরগুলোতে চুরির ঘটনা নতুন নয়। তবে গ্রীষ্মকালে এ ধরনের চুরির ঘটনা কিছুটা বেড়ে যায়। চলতি বছর এ ধরনের চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মূল্যবান সামগ্রী ও স্বর্ণালংকার নিরাপদে রাখার বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, সম্ভব হলে মূল্যবান স্বর্ণালংকার ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস ব্যাংক বা নিরাপদ লকার ভাড়া নিয়ে সেখানে সংরক্ষণ করা উচিত।