দৈনিক খুলনা
The news is by your side.

খাবার খরচ যোগ করেও হজ প্যাকেজের মূল্য কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী

50

২০২৭ সালের হজ প্যাকেজের মূল্য সরকার উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, হাজীদের আর্থিক চাপ কমাতে খাবার খরচ অন্তর্ভুক্ত করেও হজ প্যাকেজের মূল্য কমানো হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট দিকনির্দেশনায় আগামী বছরের হজ প্যাকেজ আরও সাশ্রয়ী ও সহজ করতে সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর মূল্য ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭৭ টাকা। ২০২৭ সালে তা কমিয়ে ৬ লাখ ১৫ হাজার ২২৩ টাকা করা হয়েছে। অর্থাৎ আগের বছরের তুলনায় ৭৫ হাজার ৩৫৪ টাকা কমানো হয়েছে। একই সঙ্গে ২০২৭ সালের এ প্যাকেজে খাবার বাবদ ৩৯ হাজার ১৩৬ টাকা অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-২-এর মূল্য ছিল ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা। ২০২৭ সালে তা কমিয়ে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে আগের বছরের তুলনায় ৫৩ হাজার ২৩৩ টাকা কমেছে। এ প্যাকেজেও খাবার বাবদ ২৯ হাজার টাকা অন্তর্ভুক্ত করা হয়েছে।

ধর্মমন্ত্রী বলেন, আগামী বছরের হজযাত্রীদের বিমান ভাড়াও কমানো হয়েছে। ২০২৬ সালে বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। ২০২৭ সালে তা ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, হজের খরচ কমানোর ক্ষেত্রে সরকারের এ উদ্যোগ একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। সাধারণত সময়ের সঙ্গে বিভিন্ন সেবার ব্যয় বাড়লেও হাজীদের সুবিধার কথা বিবেচনা করে বিমান ভাড়া ও প্যাকেজের মূল্য কমানো হয়েছে।

ধর্মমন্ত্রী আরও জানান, ২০২৬ সালের সরকারি হজ ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৩৮১ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। বিভিন্ন খাতে নির্ধারিত ব্যয়ের তুলনায় কম খরচ হওয়ায় হিসাব শেষে ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা উদ্বৃত্ত হয়েছে। কোনো মধ্যস্থতাকারী ছাড়াই বিএফটির মাধ্যমে ওই উদ্বৃত্ত অর্থ সরাসরি সংশ্লিষ্ট হাজীদের ব্যাংক হিসাবে ফেরত দেয়া হয়েছে।