খুলনা :
খুলনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী মশা নিধন কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর যুবদল।
এরই ধারাবাহিকতায় খালিশপুর থানা যুবদলের অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম রুবেল।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ সুমন বলেন, খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবিলায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ডেঙ্গুর বিস্তার রোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রবিউল ইসলাম রুবেলসহ নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে খুলনায় দ্রুত ও কার্যকর মশা নিধন কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। নগরবাসীর সহযোগিতায় সমন্বিতভাবে কাজ করে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, আমিন হোসেন মিঠু ও গোলাম জুলকারনাইন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মাকসুদুল হাসান বাপ্পি ও সদস্যসচিব সালমান সাকিব রুবেল।